Previous
Next

সর্বশেষ

সারাদেশ

সিলেট

আন্তর্জাতিক

বিজ্ঞপ্তি

Monday, 2 November 2026

গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী,  আর্ন প্রকল্পের ম্যানেজার হাফিজ আহমদ। 

এ সময় বক্তব্য দেন মাইজভাগ সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি সোহেল আহমদ, এসডিএস ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রেজাউল করিম, পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি এইচ এম সেলিম, যুব হকি ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান তামিম, ক্লিন গোলাপগঞ্জ গ্রিন গোলাপগঞ্জের সভাপতি কামাল আহমদ, বৃহত্তর হেতিমগঞ্জ যুব সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান শিবলু, বন্ধন যুব সংঘের সভাপতি মাজহারুল ইসলাম-সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে র‍্যালিতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাংবাদিক জাহিদ উদ্দিন, কে এম আব্দুল্লাহ-সহ প্রমুখ। 

অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে নিজেদের সাফল্যের গল্প তুলে ধরেন মহসিন আহমদ, খালেদা আক্তার ও চামেলী আক্তার জামিলা। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও উদ্যোগ গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।

Sunday, 1 November 2026

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের প্রেস ব্রিফিং: মেধাবৃত্তি পরীক্ষা ৬ নভেম্বর

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের প্রেস ব্রিফিং: মেধাবৃত্তি পরীক্ষা ৬ নভেম্বর

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা আগামী ০৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোলাপগঞ্জের চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সবশেষ প্রস্তুতি তুলে ধরতে রবিবার (০১ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন আয়োজকরা।

ব্রিফিংয়ে উপস্থিত থেকে বিস্তারিত তথ্য তুলে ধরেন ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল হামিদ এবং পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব সালমান কাদের দিপু।

আয়োজকরা শুরুতেই উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করা শিক্ষার্থী, অভিভাবক এবং অংশগ্রহণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তারা জানান, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছরই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এবারের ৪র্থ আসরে গোলাপগঞ্জ উপজেলার পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার কয়েকটি বিদ্যালয়ও অংশ নিচ্ছে। পরীক্ষায় প্রায় ৪০০ জন অষ্টম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে কোনো রেজিস্ট্রেশন ফি নেই বলেও উল্লেখ করেন তারা।

ব্রিফিংয়ে তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন প্রায় শেষ পর্যায়ে। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত তারিখের আগেই পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হবে। প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত সুন্দর ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

আয়োজকরা আরও জানান, নিরাপত্তার স্বার্থে সিলেট জেলার বাইরে থেকে প্রশ্ন প্রণয়ন ও প্রিন্ট করা হবে। প্রিন্ট শেষে কড়া নিরাপত্তায় সিল করা প্যাকেটে পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌছাবে।

পরীক্ষার সময়সূচি তুলে ধরে বক্তারা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে নামাজ ও আপ্যায়ন বিরতি। বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গণিত বিষয়ের পরীক্ষা। অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। তাই সব শিক্ষার্থীকে যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে সবার প্রতি শুভেচ্ছা ব্যক্ত করেন বক্তারা।

শিক্ষাখাতের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও এ ট্রাস্ট নিয়মিত ভূমিকা রেখে চলেছে বলে জানান বক্তারা। শীতকালে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং রমজান মাসে দরিদ্র পরিবারে ফুড প্যাকেজ বিতরণ তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়া ইতিপূর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন, শিক্ষাসামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সিসি ক্যামেরা স্থাপনসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট।

উল্লেখ্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের কন্যা শিরিন হকের অকাল প্রয়াণের পর তার স্মরণে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন পিতা ফজলুল হক। শিরিন হক যুক্তরাজ্যে শিক্ষকতা ও মানবিক কাজে নিয়োজিত ছিলেন। ২০২০ সালে তিনি অকালে মৃত্যুবরণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের অর্থায়নে মানবিক, সামাজিক ও শিক্ষাবান্ধব এসব কর্মসূচি পরিচালিত হয়ে আসছে।

প্রেস ব্রিফিং শেষে আয়োজকরা মেধাবৃত্তি পরীক্ষায় আগত সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও অতিথিবৃন্দকে অগ্রীম ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় এবারের মেধাবৃত্তি পরীক্ষাও অতন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলেও প্রত্যাশা করেন।

Saturday, 31 October 2026

গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা

গোলাপগঞ্জে রাস্তার দুরবস্থা নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সাক্ষাৎকার দেওয়ার পর জাকির হোসাইন নামে এক ব্যবসায়ীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ীর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীর সংযোগ সড়কসংলগ্ন উত্তর আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়া নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও এখনো সংযোগ সড়ক তৈরি হয়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

শনিবার সকালে এসব দুর্ভোগের চিত্র তুলে ধরতে আরটিভির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জাকির হোসাইন সড়কের দুরবস্থা নিয়ে সাক্ষাৎকার দেন। অভিযোগ রয়েছে, সাক্ষাৎকার দেওয়ার পরপরই কয়েকজন ব্যক্তি দা ও লাঠিসোঁটা নিয়ে এসে তাকে গালিগালাজ করে হামলা চালায়।

স্থানীয় শিক্ষক লুৎফুর রহমান হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা কর্ণপাত করেননি। একপর্যায়ে হামলাকারীদের একজন ধারালো দা দিয়ে জাকিরের মাথার সামনের অংশে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এরপরও হামলাকারীরা তাকে লাঠিসোঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরে স্থানীয় শিক্ষক লুৎফুর রহমানসহ অন্যরা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় জাকির হোসাইন গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Friday, 30 October 2026

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার

ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সাংবাদিক ও শিক্ষক আতাউর রহমান কাওছার। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আতাউর রহমান কাওছার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বালাগঞ্জ প্রেসক্লাবের সদস্য। তিনি দৈনিক খোলাকাগজের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন।

ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি, সিলেটের উদ্যোগে প্রতিবছর সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গুণীজনদের এ সম্মাননা প্রদান করা হয়। এবছরও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ জন গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ও লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম। প্রধান আলোচক ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আওয়াল। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং সমাজের নানা সমস্যা গণমাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্মাননা সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করায় আতাউর রহমান কাওছারকে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা অভিনন্দন জানিয়েছেন।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনামকে সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনামকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে রায়গড় গ্রামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় প্রবীণ ব্যক্তি আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সমাজকর্মী জিহান আহমদ এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি এনামুল হক এনাম।

স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্মী শেখ কামরুজ্জামান, শাহ আলম খান, একতা সমবায় সমিতির সভাপতি ছাদিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ ব্যক্তি মুজাহিদুল আহাদ, আব্দুল হোসেন, আব্দুল মতিন, সাংবাদিক সাকিব আল মামুন, পারভেজ আহমদ, ইমাম আহমদ, মারজান আহমদ, মারুফ আহমদ, মেহেদি আল আজাদ, আইমান আহমদ, ফারদিন আহমদ, ফারহান আহমদ, খায়রুল ইসলাম, মাহফুজ আহমদ, সাদমান আহমদ, সাফওয়াত আহমদ প্রমুখ।

গোলাপগঞ্জে তরুণ সমাজকর্মী শুক্কুর আহমদ মামুনের ইন্তেকাল

গোলাপগঞ্জে তরুণ সমাজকর্মী শুক্কুর আহমদ মামুনের ইন্তেকাল



নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জের কালিডহর গ্রামের উদীয়মান তরুণ সমাজকর্মী ও রাজনৈতিক সংগঠক শুক্কুর আহমদ মামুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ২৮বছর। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

​শুক্কুর আহমদ মামুন তার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততা তাকে সর্বমহলে পরিচিত করে তুলেছিল।

​তার এই অকাল প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

​শোক প্রকাশকারী নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার মতো ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করেন।

Thursday, 29 October 2026

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর বন্দরবাজার পুলিশ ফাড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই কনস্টেবলকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।

রায়ে কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বহিষ্কৃত সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন ও সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার ছয় আসামির মধ্যে কেবল আশেক এলাহী কারাগারে আছেন। দণ্ডপ্রাপ্ত বাকি সবাই পলাতক।

আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন রায়ের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ প্রাথমিকভাবে এ রায়ে সন্তুষ্ট। তবে রায় আরও পর্যালোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়া হবে।

রায় ঘোষণার আগে দুপুরে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আশেক এলাহীকে আদালতে আনা হয়। তার আগেই আদালতে হাজির হন রায়হানের মা সালমা বেগম। আসামিরা জামিন পেয়ে পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আসামিরা শাস্তি না পেলে তার ছয় বছরের অপেক্ষা ও কষ্ট বিফলে যাবে।

মামলার পটভূমি:

২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় রায়হানের স্ত্রী পুলিশি হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন। পরে সিলেট মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতনের সত্যতা পায়।

ফাড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়াসহ চারজনকে ওই বছরের ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেফতার করে। প্রধান অভিযুক্ত আকবরকে ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। গত বছরের ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ১১ আগস্ট তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং তখন থেকেই পলাতক রয়েছেন।

২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। তাতে ফাড়ির ইনচার্জ আকবর হোসেন ভূইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্য অভিযুক্তরা হলেন এএসআই আশেক এলাহী (৪৩), কনস্টেবল হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), ফাড়ির দ্বিতীয় কর্মকর্তা এসআই হাসান উদ্দিন (৩২) এবং আকবরের আত্মীয় হিসেবে পরিচিত কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমান (৩২)।